দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য জানানো হয়। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০৫ শিশু। তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে শিশু রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৬২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১০১ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।
বিভাগীয় তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪২৯ জন সন্দেহজনক এবং ৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩০ জন। অন্যদিকে, সবচেয়ে কম সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে রংপুর বিভাগে, যেখানে ২৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।