আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী দুই থেকে পাঁচ ঘণ্টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৈরী আবহাওয়ার ফলে নগরজুড়ে ব্যাপক জলাবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।
আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক এবং সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এই পূর্বাভাস দিয়েছেন। তার তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টি বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা বিভাগের মধ্যে শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ভোর থেকেই চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়েও একই ধরনের আবহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।