বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী এবং বহুমাত্রিক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ‘বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণসংযোগ কেন্দ্র’ আয়োজিত ‘চীনের জাতীয় দিবস’ উদযাপন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ড. আবদুল মঈন খান বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই দেশের সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দিতেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, প্রায় চার বছর সময়কালে তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে রাষ্ট্রদূতের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সেখানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।