জাতিসংঘের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এক বিরল সফরে যাচ্ছেন ইরানের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এই সফর শুরু হচ্ছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে পৌঁছেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে তথ্য পাওয়া গেছে।

যুদ্ধকালীন এই অত্যন্ত স্পর্শকাতর সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সরাসরি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করবে মার্কিন সিক্রেট সার্ভিস। এছাড়া প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। তাদের এই নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রেখে কাজ করবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা বিভাগ এবং হাইওয়ে পেট্রল দল।

তবে এই সফর ঘিরে ইরানি প্রতিনিধিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন কর্তৃপক্ষ। তাদের কার্যক্রম শুধুমাত্র জাতিসংঘকেন্দ্রিক কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। জাতিসংঘ সদরদপ্তর এলাকা, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাতিসংঘে অবস্থিত ইরানের নিজস্ব মিশন ভবনের বাইরে যেতে হলে তাদেরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছ থেকে আগেই লিখিত অনুমতি নিতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ কিংবা বিলাসী কেনাকাটার ওপরও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।