বরুড়ায় মেগা ফুটবল টুর্নামেন্টের জমকালো সূচনা: লটারির মাধ্যমে নির্ধারিত হলো চার গ্রুপের ১৯ দল
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান
ক্রীড়ানুরাগীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে কুমিল্লার বরুড়া। মরহুম এ.কে.এম. আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। কুমিল্লা জেলার ১৮টি উপজেলা এবং ১টি সিটি কর্পোরেশনের মোট ১৯টি দলের অংশগ্রহণে বসছে এই মেগা টুর্নামেন্টের আসর।
আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) দুপুর ২:৩০ মিনিটে বরুড়ার কাদবা তলাগ্ৰাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ, কে, এম আবু তাহের ফাউন্ডেশন এবং বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সর্বাঙ্গীন ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় সার্বিক সহযোগিতা করছে ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লা।
মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে ড্র ও লটারির মাধ্যমে দলগুলোর গ্রুপ বিভাজন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে অংশ নেওয়া ১৯টি দলকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে:
গ্রুপ ‘A’: লালমাই, হোমনা, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ ও সদর দক্ষিণ।
গ্রুপ ‘B’: নাঙ্গলকোট, বরুড়া, ব্রাহ্মণপাড়া, দাউদকান্দি ও ভাঙুরা।
গ্রুপ ‘C’: বুড়িচং, আদর্শ সদর, মুরাদনগর, লাকসাম ও তিতাস।
গ্রুপ ‘D’: চান্দিনা, মেঘনা, কুমিল্লা সিটি ও দেবিদ্বার।
আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতকরণ থেকে শুরু করে দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকেরা এই রোমাঞ্চকর ও জমজমাট ফুটবল আসর উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।