প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সোমবার ম্যানহাটনে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টার এই বৈঠকে অভিবাসন নিয়ন্ত্রণ এবং ১২ হাজার বাড়ি নির্মাণের একটি বড় আবাসন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে ট্রাম্প মেয়র মামদানির প্রশংসা করেন। অথচ গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প মামদানিকে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। সে সময় তিনি মামদানিকে ‘আমার ছোট কমিউনিস্ট’ এবং ‘পুরোপুরি পাগল’ বলে অভিহিত করেছিলেন। তবে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই নেতার সম্পর্কের সমীকরণ বদলে গেছে। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আশা করি, আপনি একজন দারুণ মেয়র হবেন। আমি বলতে পারব, আপনি দারুণ মেয়র হতে যাচ্ছেন। আর আপনি ভালোভাবেই শুরু করেছেন।’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন ট্রাম্প। মেয়র নির্বাচনে মামদানি জয়ী হওয়ার পর এটি তাদের তৃতীয় প্রকাশ্য সাক্ষাৎ। বৈঠকে অভিবাসনপ্রত্যাশীদের গণহারে বিতাড়নের পরিকল্পনার অংশ হিসেবে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বাতিলের বিষয়টি নিয়েও মামদানি কথা বলেছেন। তিনি জানান, নিউ ইয়র্কবাসীকে নিরাপদ রাখার বিষয়ে তার ‘খুব দৃঢ় মতামত’ রয়েছে।

আবাসন প্রকল্প সম্পর্কে মামদানি জানান, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে তার এ বিষয়ে আলোচনা হয়েছিল। ১২ হাজার বাড়ি নির্মাণের এই প্রকল্পটি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের প্রায় ২১ বিলিয়ন ডলার অর্থায়ন প্রয়োজন। মতপার্থক্য থাকা সত্ত্বেও নিউ ইয়র্কের মানুষের স্বার্থে তিনি ট্রাম্পসহ সবার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও উঠে আসে। মামদানি জানান, তিনি ট্রাম্পকে যৌথ সংবাদ সম্মেলনে সব সংবাদকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বলেছিলেন। নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, সংবাদমাধ্যম তাকে বর্জন করার ঘোষণা দিলেও আসলে তারা তা করে না, তাই এ নিয়ে তিনি চিন্তিত নন।