পঞ্চগড়ে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে জেলা যুবদলের সমাবেশ ও মিছিল

বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল জেলা যুবদল পঞ্চগড়।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঘোষিত লকডাউনসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি পঞ্চগড় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় যুবদলের নেতাকর্মীরা চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুবদলের বক্তারা অভিযোগ করেন সারা দেশে আওয়ামী লীগ লকডাউনের নামে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

যুবদল নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে নিরীহ জনগনের ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

সমাবেশ ও মিছিলে মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু, আহবায়ক জেলা বিএনপি পঞ্চগড়, মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল, সভাপতি জেলা যুবদল পঞ্চগড়, মোঃ নুরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক জেলা যুবদল পঞ্চগড়, মোঃ আব্দুল্লাহ আল মামুন রনিক, (সদস্য পঞ্চগড় জেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি, সাবেক সাধারণ সম্পাদক পঞ্চগড় জেলা ছাত্রদল, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি পঞ্চগড়) বর্তমান মেয়র প্রার্থী, মোঃ রোকনুজ্জামান জাপান, সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল পঞ্চগড়সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।