জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জয়পুরহাটের বিভিন্ন পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপি ও অবৈধ মজুত প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই তদারকি অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালিত হয় শহরের সড়ক ভবন এলাকার উত্তরা ফিলিং স্টেশন এবং গুলশান মোড় এলাকার জয়পুর ফিলিং স্টেশনে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম এবং বিএসটিআইয়ের পরিদর্শক প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
অভিযানকালে ফিলিং স্টেশন দুটিতে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহকৃত পরিমাণ পরীক্ষা করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষা শেষে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা পরিমাপে কারচুপি করতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের নির্দেশনায় এ তদারকি করা হচ্ছে। তিনি আরও জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতসহ এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।