জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের ঊর্ধ্বতন সদস্যরাও উপস্থিত ছিলেন।

অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের সম্মানে একটি প্রাতরাশের আয়োজন করেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বিশ্বনেতারা তাদের সহধর্মিণীদের নিয়ে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আয়োজিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।