রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে একটি দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কাজের ফাঁকে ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেট কার দ্রুতগতিতে এসে ফুটপাতে বিশ্রামরত মেহেদী হাসানকে চাপা দেয়। ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন। নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামে। পুলিশ জানিয়েছে, তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় জনতা গাড়িটিতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানিয়েছেন, প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, গাড়িটি ওই কিশোরের পরিবারের এবং সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তার ছেলে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িচাপার পর প্রাইভেট কারটি থেকে দুজন ব্যক্তি নেমে আসেন। গাড়ির ডান পাশ অর্থাৎ চালকের আসন থেকে কালো টি-শার্ট পরা এক কিশোর এবং অপর পাশ থেকে শার্ট পরা এক মধ্যবয়সী ব্যক্তিকে নেমে আসতে দেখা যায়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে ওই কিশোরকে সেখান থেকে এক দিকে সরে যেতে দেখা যায়। পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন জানিয়েছেন, গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে জানা গেছে এবং তাঁকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।