পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানিয়েছেন, তিন পার্বত্য জেলায় আগামীতে প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীকে তিন কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে মেধাবীদের মূল্যায়ন করছে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার, যার সুফল অচিরেই সবাই ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, খাগড়াছড়িতে মোট ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৪৯ লাখ ৩০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮৫ জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতজা আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদর উপজেলার গিরীফুল শিশু সদনের ছাত্রাবাস এবং কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি মুখপাড়া খালের ওপর নবনির্মিত গার্ডার সেতুর উদ্বোধন করেন। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙ্গায় একটি মসজিদ ও সেতুর নির্মাণকাজ শেষ করে উদ্বোধন করেন তিনি।