আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তবে এই ম্যাচ ঘিরে টিকিট বিক্রির কার্যক্রমে হঠাৎ পরিবর্তন আনা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগে ২২ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রির কথা জানালেও, তা দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এখন আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

আগ্রহী দর্শকদের দিপোর্তিক ডটকম ওয়েবসাইটে নিবন্ধন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি নিবন্ধিত ব্যবহারকারী সর্বোচ্চ চারটি সাধারণ গ্যালারির টিকিট কেনার সুযোগ পাবেন। এই টিকিট বিক্রির নতুন সময়সূচি কেবল মেসির বিদায়ী ম্যাচের জন্যই নয়, বরং সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তিনটি ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মেসির বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন। এছাড়া ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়া এবং ২ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।

এদিকে মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে আকাশচুম্বী। এএফএ-এর তথ্য অনুযায়ী, ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ২৯ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা। জনসাধারণের জন্য পপুলার ক্যাটাগরির টিকিটের দাম ৯০ হাজার ডলার বা ১ কোটি ১০ লাখ টাকা। এছাড়া সিভোরি ও সেন্তেনারিওর আপার স্ট্যান্ডের টিকিটের দাম ১ লাখ ৮০ হাজার ডলার (২ কোটি ২১ লাখ টাকা) এবং সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার বা ৫ কোটি ৮৯ লাখ টাকা।