সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীনে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে পরিচালিত বিদ্যমান সব কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সাম্প্রতিক এক চিঠির মাধ্যমে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূলত এই কমিটিগুলো থেকে আওয়ামীপন্থি ব্যক্তিদের সরিয়ে নতুন করে সাজানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সরকারি কার্যক্রম পরিচালনার জন্য তৃণমূল পর্যায়ে থাকা অধিকাংশ কমিটি বহু বছর আগে গঠন করা হয়েছিল। এছাড়া অনেক কমিটির কার্যক্রম ও প্রজ্ঞাপন সংক্রান্ত হালনাগাদ তথ্যও পাওয়া যাচ্ছে না, যা প্রশাসনিক কাজের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোর বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের সময় সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে, যার মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। এছাড়া সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক নির্বাচনের বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে ৯৮টি কমিটির একটি তালিকা সংযুক্ত করে দেওয়া হয়েছে। ওই তালিকাভুক্ত কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার অধীনস্থ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সব বিদ্যমান কমিটি জরুরি ভিত্তিতে হালনাগাদ করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।