মধ্যপ্রাচ্যের সংকট কাটার সঙ্গে সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার জ্বালানি তেল বাইরের দেশ থেকে আমদানি করে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার ফলে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। বৈশ্বিক সংকট কাটার সঙ্গে সঙ্গে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত দিনে বিদ্যুৎ বিতরণে বৈষম্য থাকলেও আগামীতে সেটা দূর করা হবে।’
এর আগে প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।