সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য বিপদ নিয়ে সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানানো হয়েছে, সতর্কতার আওতায় রয়েছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক, লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ। এসব এলাকার বাসিন্দা ও ভ্রমণকারীদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স। বিশেষ করে সতর্কতা জারি করা এলাকায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এসব এলাকায় ঠিক কী ধরনের বিপদের আশঙ্কা রয়েছে বা সতর্কতার মাত্রা কতটা, সে বিষয়ে প্রকাশিত বার্তায় বিস্তারিত জানানো হয়নি।

মক্কা ও জেদ্দায় বিপুলসংখ্যক মানুষ বসবাস ও যাতায়াত করেন। তাই সম্ভাব্য যেকোনো ঝুঁকির আগেই সতর্কতা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

পরিস্থিতির পরিবর্তন হলে সংশ্লিষ্ট এলাকায় নতুন নির্দেশনা বা সতর্কবার্তা দেওয়া হতে পারে বলেও জানিয়েছে সিভিল ডিফেন্স। সাম্প্রতিক দিনগুলোতে সৌদির রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। বর্তমানে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তুমুল লড়াই চলছে।