শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোরজান গ্রামে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী রাখা, ঝরে পড়া রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি বিশেষ মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে।
বৈঠকে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে, শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ডপসের নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নৈতিকতা চর্চার ওপর জোর দেন। মাঠ বৈঠক শেষে বিভিন্ন শ্রেণির ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজক সংস্থাটি জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।