কাতারে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল আহমেদ (৪৭) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবপুর খাসেরহাট এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার সন্ধানে ১৭ বছর আগে তিনি কাতার পাড়ি দিয়েছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে। জানা গেছে, বাবুল নিজের ব্যক্তিগত গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কাতারের লুসাইল শহরে পৌঁছালে তার গাড়িটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি পরীক্ষা করছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি মিশরি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাবুল আহমেদকে উদ্ধার করে স্থানীয় হামাদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হামাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবুলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে বাংলাদেশে বসবাস করছেন। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকা বাবুলের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানিয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন দিশেহারা। তারা দ্রুত বাবুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।