প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী ম্যানহাটনের ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে মিলিত হন। এ সময় তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত।
বৈঠকের আয়োজক জেপি মর্গান এবং অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি এখানে কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এসেছেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে ১৮ কোটিরও বেশি মানুষের বসবাস। দেশটির রয়েছে তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান। তিনি বলেন, বিনিয়োগকারীরা যেমন তাদের ব্যবসার মুনাফা ও স্বার্থ রক্ষায় কাজ করেন, তিনিও তেমনি দেশের মানুষের অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করতে কাজ করছেন।
দেশের বিশাল তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে বিশ্বব্যাপী উৎপাদন ও সেবার কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা, কর ও ভ্যাট প্রশাসনের আধুনিকায়ন এবং মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন ও কৃষি খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার কেবল স্বল্পমেয়াদী লেনদেন নয়, বরং দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব চায়। এ ক্ষেত্রে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কাজ করবেন। তিনি যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গানের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নতুন রেফারেন্স পয়েন্ট তৈরি করেছে। তিনি ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগকারীদের জন্য বাধা দূর করতে সরকার প্রস্তুত।