আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ বেসামরিক নাগরিক রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সামরিক বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি কেঙ্গেতে জরুরি অবতরণ করার চেষ্টা করে।

কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা জানান, কেঙ্গেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি শেষ পর্যন্ত একটি আবাসিক এলাকার ওপর গিয়ে আছড়ে পড়ে। তিনি আরও জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের অধিকাংশের মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুইজন জেনারেল এবং তাদের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধি দলের সদস্য ছাড়াও বেশ কয়েকজন সেনা সদস্য ও স্থানীয় বেসামরিক বাসিন্দা রয়েছেন।