ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই বাড়ির কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নামিম ও নিরব মোটরসাইকেলযোগে সদর উপজেলার সুলতানপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রামরাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।