পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা না মানলে বা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিবেদনটি প্রকাশ করা হয় ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে দুঃখজনক হলেও সত্য, পুলিশের কোনো কোনো সদস্য এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তিনি সতর্ক করে বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা বা ফ্যাসিবাদী শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করার তথ্য সরকারের কাছে রয়েছে। পদ যাই হোক না কেন, জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিণতি ভালো হবে না।

তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের ইমেজ পুনঃপ্রতিষ্ঠা এবং জনআস্থা ফিরিয়ে আনার জন্য প্রাতিষ্ঠানিক, লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সহায়তার মাধ্যমে কাজ করছে। পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ এখন আর রাজা-বাদশার মতো আচরণ দেখতে চায় না, তারা জনবান্ধব পুলিশ চায়।

বর্তমান বিশ্বের প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র সাইবার ইউনিট চালু করা হচ্ছে। তবে প্রযুক্তি যতই আধুনিক হোক, পুলিশের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা। দায়িত্ব পালন করতে গিয়ে 'গুড ফেইথে' ছোটখাটো ভুল হলে তা বিবেচনায় নেওয়া হবে, কিন্তু শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি কোনো অপরাধ সংঘটিত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে শর্ট কোর্সের মাধ্যমে বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা জানান তিনি। একই সঙ্গে পুলিশের জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর কথাও বলেন।