চীনের কারিগরি শিক্ষার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে সময়োপযোগী কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের কারিগরি শিক্ষাকে আরও যুগোপযোগী করতে চীনের সহযোগিতা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় চীনের গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজের ভাইস চ্যান্সেলর লিন বিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশি শিক্ষকদের চীনে পাঠানোর পাশাপাশি চীনা ভাষাসহ কারিগরি শিক্ষার প্রসারে চীন থেকে শিক্ষক আনার উদ্যোগও গ্রহণ করা হবে।

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পারস্পরিক আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। পরিদর্শনকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।