গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এবং এর উপসর্গের কারণে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে মোট এক হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৪ জন, যার ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৬৫ হাজার ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে এক লাখ ৫৮ হাজার ৫৭৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।