রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার উদ্যোগে এই সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫৬ জন এবং পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউএনও জেসমিন আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং প্রকৃত ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি মাদককে পরিবার ও সমাজের জন্য ধ্বংসাত্মক উল্লেখ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার এবং অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম শানু তার প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষকদের পরামর্শ মেনে নিয়মিত পড়াশোনার ফলেই তিনি এই সাফল্য পেয়েছেন। এই সংবর্ধনা তাকে ভবিষ্যতে আরও উৎসাহিত করবে এবং তিনি মাদক থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অভিভাবক সাহেব আলী সন্তানদের ভালো ফলাফলে আনন্দ প্রকাশ করে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি সন্তানরা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটিই তাদের প্রত্যাশা। মাদক থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক তরুণ সমাজ ও পরিবারের জন্য বড় হুমকি, তাই শিক্ষার্থী ও তরুণদের রক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়।