পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এই ভয়াবহ হামলাটি ঘটে। রেসকিউ ১১২২ কর্মকর্তাদের বরাতে ডন জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে।
পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় চেকপোস্টটি অবস্থিত। ঘটনার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। উদ্ধার অভিযানে ২৫ জনের বেশি কর্মী, ছয়টি অ্যাম্বুল্যান্স ও একটি ফায়ার সার্ভিসের গাড়ি অংশ নিচ্ছে। আহত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ১৮ জনকে দারাজিন্দার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্ফোরণের ধরন ও কারণ নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি এই হামলাকে ‘ফিতনা আল-হিন্দুস্তান খাওয়ারিজ’-এর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ বলে উল্লেখ করে থাকে। এদিকে, আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান তালেবান বা টিটিপি এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে।