‘কল্কি ২৮৯৮ এডি’-এর দ্বিতীয় কিস্তিতে নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, সিনেমাটির যে গল্প শুরু হয়েছিল, তা-ই এগিয়ে নেওয়া হচ্ছে এবং বর্তমানে গল্পে পর্যাপ্ত চরিত্র রয়েছে। এই ঘোষণার পর দীপিকা পাড়ুকোনের চরিত্র নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তরও পাওয়া গেছে, অর্থাৎ তার জায়গায় অন্য কাউকে নেওয়া হচ্ছে না।

প্রথম পর্বে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল। তবে শুটিং শুরুর আগে প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ জানিয়েছিল যে, দীপিকা আর এই ছবির সঙ্গে থাকছেন না। এক্সে দেওয়া বিবৃতিতে তারা জানায়, দীর্ঘ যাত্রার পরেও একটি অংশীদারত্বে পৌঁছাতে না পারায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অভিনেত্রী নিজে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানো বা দ্বিতীয় কিস্তিতে চরিত্রের পরিসর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়াকে তার সরে যাওয়ার কারণ হিসেবে দাবি করা হয়েছে। এর আগে কাজের সময়সূচি নিয়ে মতবিরোধের কারণে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে নিজের কাজের অবস্থান নিয়ে দীপিকা বলেছিলেন, তিনি এমন কাজই বেছে নিতে চান যা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। বড় বাজেট বা বড় পারিশ্রমিকই তার কাছে কাজ বেছে নেওয়ার একমাত্র মানদণ্ড নয় বলেও জানিয়েছিলেন তিনি।

এদিকে সিনেমাটির শুটিং নিয়ে নাগ অশ্বিন জানিয়েছেন, অমিতাভ বচ্চন ও কমল হাসানের বেশ কিছু দৃশ্য এরই মধ্যে চিত্রায়িত হয়েছে। ফেব্রুয়ারিতে এই দুই কিংবদন্তি অভিনেতা একসঙ্গে শুটিংও করেছেন। প্রভাসের অন্যান্য সিনেমার ব্যস্ততার কারণে মূল শুটিংয়ে কিছুটা দেরি হলেও বর্তমানে সেই জটিলতা কেটে গেছে। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময়ে নিয়মিত শুটিং শুরু হবে এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং সম্পন্ন করে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। ২০২৮ সালে সিনেমাটি মুক্তির সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালে মুক্তি পাওয়া নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ বৈজয়ন্তী মুভিজের প্রযোজনায় বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি রুপির বেশি আয় করেছিল।