রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এর ফলে গতকালের তুলনায় আজ গরমের অস্বস্তি কিছুটা বেশি অনুভূত হতে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সোমবার ভোর ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় হবে। এছাড়া, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।