প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫৪
পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে এক নারীসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার উপজেলার সাহাপাড়া এবং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে পৃথক সময়ে এই দুর্ঘটনা দুটি ঘটে। মৃত ব্যক্তিরা হলেন সাহাপাড়া এলাকার বাসিন্দা মোছা. আলেফা বেগম (৫৫) এবং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকার বাসিন্দা জামিনুর রহমান (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাস্টার এলাকায় নিজের ঘরের নবনির্মিত বাথরুমের ছাদ পরিষ্কার করতে যান জামিনুর রহমান। বাথরুমের ছাদে রাখা ঢালাইয়ের ইট নিচে ফেলে দেওয়ার পর পলিথিন সরাতে গিয়ে সোজা হয়ে দাঁড়াতেই তিনি ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চচাপ সম্পন্ন অরক্ষিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান জামিনুর। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়।
সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামিনুরের ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনটিতে কোনো সুরক্ষামূলক কাভার ছিল না। নবনির্মিত বাথরুমের ছাদ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত তিনি ওই ১১ হাজার ভোল্টের তারে স্পৃষ্ট হন।
এর আগে, একই দিন সকাল আনুমানিক ৯টার দিকে সাহাপাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন মোছা. আলেফা বেগম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে দেবীগঞ্জ থানার ওসি মো. মুসা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।