গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর একটি ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।

নিহতদের মধ্যে চারজন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে গ্রিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। তাদের সঙ্গে পাওয়া কাগজপত্র ও ব্যক্তিগত জিনিসপত্রের ভিত্তিতে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত এই চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় দুই তলা ভবনটিতে এই বিস্ফোরণ ঘটে। এথেন্সের মেয়র হারিস দুকাসের ধারণা, বড় ধরনের গ্যাস লিক থেকে এই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে নিরাপত্তার স্বার্থে সেগুলো খালি করে দেওয়া হয়েছে। মেয়র জানান, বিস্ফোরণের ক্ষয়ক্ষতি পুরো সড়কজুড়ে ছড়িয়ে পড়েছে এবং পাশের দুটি ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে ফেলতে হতে পারে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় পাশের একটি ভবনে থাকা দুই নারী আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের প্রায় এক বছর আগে তারা এলাকায় গ্যাস লিক ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। এছাড়া বিস্ফোরণস্থলের একটি বাড়ির বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলে স্থানীয় একটি নাগরিক সংগঠন দাবি করেছে। গ্রিক পুলিশও বাসিন্দাদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে এবং এর উৎস কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।