রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে স্টুডিওর ক্ষতিগ্রস্ত অবস্থা তুলে ধরেন তিনি।
ভিডিওতে দেখা যায়, স্টুডিওর আসবাবপত্র, চেয়ার, টেবিল এবং টেলিভিশনসহ বিভিন্ন সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কর্মীদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ভিডিওর শুরুতে সালমান মুক্তাদিরকে বলতে শোনা যায়, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে সালমান মুক্তাদির জানান, ওই প্রপার্টির মালিকের সাথে স্থানীয়দের চাঁদাবাজি নিয়ে বিরোধ চলছিল। তিনি বলেন, ‘যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ আ নরমাল সিটিজেন হিসেবে। আমাদের এখানকার যে ল্যান্ডওনার, উনি হয়তো খুব সম্ভবত আওয়ামী লীগ…উনার সাথে চাঁদাবাজি নিয়ে কোনো একটা কিছু হইছে যে—চাঁদা চেয়েছে বা সামথিং। তো ওদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়ছে।’
ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশ্যে বলেন, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’ সবশেষে তিনি দৃঢ়তার সাথে জানান, ভাঙচুরের ঘটনা ঘটলেও তিনি তার কাজ চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে আরও বড় কিছু করবেন।
স্টুডিওতে এই হামলা ও ভাঙচুরের বিষয়ে ক্যান্টনমেন্ট থানা এবং সংশ্লিষ্ট এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।