প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’ আঘাত হেনেছে, যার ফলে নিউইয়র্ক ও বোস্টনসহ বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলীয় বন্যা, প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) অঞ্চলজুড়ে বিপজ্জনক আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের এক লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাওয়ারআউটেজ-এর তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের বড় একটি অংশ এই অঞ্চলের বাসিন্দা। বিমান চলাচলেও এর ব্যাপক প্রভাব পড়েছে; ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে, শনিবারের পূর্ণিমার কারণে উপকূলীয় বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় ইতোমধ্যে রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করেছে। এনডব্লিউএস নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে, কারণ রাস্তা তলিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। নিউইয়র্কে ঘণ্টায় প্রায় ৮৬ কিলোমিটার বা ৫৫ মাইল বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে ফেলতে পারে।

ঝড়ের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের কনসার্ট এবং নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’। এছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে এবং বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি রোববার ফ্লোরিডায় স্থানান্তর করা হয়েছে।

পরিস্থিতি নিয়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার এবং বন্যার পানির মধ্য দিয়ে চলাচল না করার নির্দেশ দিয়েছেন। নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও স্থানীয় বাসিন্দাদের ঝড়কে গুরুত্বের সঙ্গে নিয়ে সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।