প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপকর্ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করেছেন যে, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে এবং অপরাধী কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে বলেও তিনি উল্লেখ করেন।
রোববার সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক ব্রিফিংয়ে মাহদী আমিন এসব কথা বলেন। এ সময় তাকে মিরপুরের রাড্ডা ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
ব্রিফিংয়ে মাহদী আমিন প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনাকে অত্যন্ত সফলভাবে তুলে ধরেছেন। তার এই সফর ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, ঐতিহাসিক ভাষণে প্রধানমন্ত্রী কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। একইসঙ্গে তিনি একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৮