সিরাজগঞ্জের তাড়াশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গরু চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে চালু থাকা রাত্রিকালীন পাহারা ও বাঁশকল (বাঁশের ব্যারিকেড) ব্যবস্থা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় হুট করে এই পরিদর্শনে যান তিনি।

স্থানীয় সূত্র জানা গেছে, অপরাধ দমনে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন স্থানে বাঁশকল স্থাপন করে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। গভীর রাতে পুলিশ সুপার এসব পয়েন্টে উপস্থিত হয়ে ডিউটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি দায়িত্বে নিয়োজিতদের মাঝে শুকনো খাবার, টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন। এছাড়া ডিউটিরত সাধারণ মানুষের আমন্ত্রণে তাদের সাথে বসে চা পান ও কুশল বিনিময় করেন, যা গ্রামবাসী ও গ্রামপুলিশদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বরত সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে বলেন, চেকিংয়ের সময় সাধারণ মানুষের চলাচলে যেন কোনো ধরনের অযথা ভোগান্তি তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

এ সময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম এবং তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।