রাজধানীর আদাবরে একটি আটতলা বাড়ি দখলের উদ্দেশ্যে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্যামলী হাউজিংয়ের ওই বাড়িতে ১৫-২০ জনের একটি দল এই তাণ্ডব চালায়। বাড়িটির মালিক ব্যবসায়ী আমিনুর রহমান। হামলার সময় দুর্বৃত্তরা বাড়ির মূল ফটক কুপিয়ে ও জানালার কাচ ভাঙচুর করে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা এসে বাড়ির মূল ফটকে কোপাতে শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে, "টাকা দে। বাসায় থাকিস, টাকা দিবি না?" তারা বাড়িটির জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে ফটক খুলতে না পেরে প্রায় পাঁচ মিনিট তাণ্ডব চালিয়ে তারা পালিয়ে যায়। ইটের টুকরা ছুড়ে দোতলার আরও দুটি জানালার কাচও ভেঙে ফেলা হয়।

মনির হোসেন আরও অভিযোগ করেন, হামলার সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। কিন্তু পুলিশ প্রায় তিন ঘণ্টা পর পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সঠিক সময়ে পুলিশ এলে হামলাকারীদের ধরা সম্ভব হতো বলে তিনি মনে করেন। এ ঘটনায় আদাবর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং বাড়ি থেকে বের হতে পারছে না।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

এদিকে ভুক্তভোগী পরিবার জানায়, ২০২৪ সালের ১৭ আগস্টও খোরশেদ আলম নামের এক ব্যক্তি বাড়িটি দখল করেছিলেন। সে সময় থানায় অভিযোগ দিয়ে কোনো সমাধান না পাওয়ায় আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রায় চার মাস তদন্ত শেষে একটি অভিযোগপত্র দাখিল করে। এরপর গত ১২ মার্চ বাড়িটির দখল ফেরত পান মালিক আমিনুর রহমান। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বাড়িটি দখলের চেষ্টা ও হামলার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।