ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত তিন দিনে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়।
ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক ভারি বৃষ্টির কারণে এই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগের দিকে এগিয়ে আসায় সমগ্র অঞ্চলে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পায়। এর ফলে রাজ্যজুড়ে অন্তত এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ এই সময়ে রাজ্যটিতে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাত থাকে মাত্র ৭.৬ মিলিমিটার।
ভারতের আবহাওয়া অফিস সাম্প্রতিক বছরগুলোতে বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়াজনিত ঘটনার হার বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তিত রূপ এবং ক্রমবর্ধমান তাপমাত্রা এসব দুর্যোগের পেছনে বড় ভূমিকা রাখছে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা মৌসুমে উত্তর প্রদেশ প্রায়শই ভারি বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কবলে পড়ে থাকে।