গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধান অন্তরায় হিসেবে অভিহিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি। তাঁর দাবি, গাজা চুক্তির আওতায় ইসরায়েল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো রক্ষা করা হচ্ছে না। উল্টো নেতানিয়াহু ও তাঁর উগ্র ডানপন্থী সরকারের নিজস্ব স্বার্থকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

সম্প্রতি এক বক্তব্যে কাতারের প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে গাজা চুক্তি লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন খোদ নেতানিয়াহু। তবে এই টানাপোড়েনের মধ্যেও মধ্যস্থতাকারী দেশগুলো চুক্তি বাস্তবায়নে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে শর্ত মেনে চলাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে চুক্তির প্রতিশ্রুতি পূরণে অনীহার অভিযোগ তুলেছিলেন। তিনি উল্লেখ করেন, একদিকে যখন শান্তি আলোচনার চেষ্টা চলছে, অন্যদিকে তখন গাজায় অবিরাম প্রাণহানি ঘটছে এবং অবরুদ্ধ উপত্যকাটিতে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

গাজা যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম কাতার। ফলে দেশটির সরকারপ্রধানের এমন সরাসরি বক্তব্য চলমান শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের সদিচ্ছা ও ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।