চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশ মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকার সমান। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাম্প্রতিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বেড়েছে।
জুলাই ও আগস্ট মাসে পরিশোধিত মোট অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ পরিশোধ করা হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা। বাকি ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা সুদ বাবদ পরিশোধ করা হয়েছে।
একই সময়ে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।