রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ব্যাপক রদবদল করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়। একই আদেশে আরও চার থানার পরিদর্শককে (অপারেশন ও তদন্ত) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, মুগদা থানার তদন্ত শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর এক পৃথক অফিস আদেশে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতি ও ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিশ্চিত করতে দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শনিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।