চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর কোর্টবিল্ডিং এলাকায় দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিস উমেদার রূপন দাশ।

দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি ত্রুটিমুক্ত অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য উক্ত কার্যালয়ে জমা দিয়েছিলেন। তবে সাব-রেজিস্ট্রার ও হেড ক্লার্ক রেজিস্ট্রি সম্পন্ন না করে চুক্তিপত্র দুটি আটকে রাখেন। পরবর্তী সময়ে সেগুলো হস্তান্তরের বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। মঙ্গলবার ঘুষের ওই দুই লাখ টাকা গ্রহণের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।