উপস্থাপক, নৃত্যশিল্পী ও স্থপতি রুহানী সালসাবিলকে দর্শকরা অনেকে ‘লাবণ্য’ নামেও চেনেন। মাঝে মাঝে অভিনয়ে দেখা গেলেও আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। উপস্থাপনা, নৃত্যচর্চা ও নিজের পেশাগত কাজের ব্যস্ততার মাঝেই কাটছে তার সময়। সম্প্রতি তিনি ‘শাপলা কুঁড়ি ২০২৬’ প্রতিযোগিতার ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও জাতীয় পর্যায়ের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেছেন তিনি। তবে এবারের অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত আনন্দ ও আবেগের, যা তাকে ফিরিয়ে নিয়ে গেছে নিজের শৈশবের দিনগুলোতে।
বিচারক হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুহানী সালসাবিল বলেন, ‘মামনির সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসতাম প্রতিযোগিতায় অংশ নিতে। ছোটবেলায় ভরতনাট্যমের মহারথি বেলায়েত স্যারকে বিচারক হিসেবে পেয়েছি। আজ সেই বেলায়েত স্যারের পাশের চেয়ারে বসে নাচের বিচারক হলাম। বিষয়টি আমার জন্য ভীষণ আনন্দের ও আবেগের।’
নৃত্যজীবনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে রুহানী জানান, ২০১০ সালে তার শিক্ষক সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে বিটিভির তালিকাভুক্তির পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। সে সময় ‘হৃদয় আমার নাচেরে আজিকে’ গানের সঙ্গে নেচেছিলেন। এবারের আয়োজনে স্যারের সঙ্গে দেখা হওয়ায় সেসব পুরনো স্মৃতি নিয়ে অনেক কথা হয়েছে তাদের। বর্তমান প্রজন্মের শিশুদের নাচের দক্ষতার প্রশংসা করে রুহানী বলেন, ‘এ সময়ের বাচ্চারা আমাদের সময়ের চেয়ে আরও বেশি নাচে পারদর্শী। তাদের বিচার করা খুব কঠিন। সবার জন্য শুভকামনা রইল।’ তিনি আরও জানান, ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা খুব দ্রুতই আয়োজন করা হবে।
শৈশব থেকেই নৃত্যের সঙ্গে পথচলা রুহানীর। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও রয়েছে তার ঝুলিতে। নাচের পাশাপাশি উপস্থাপনার জগতেও তিনি বেশ নিয়মিত, যদিও আগের চেয়ে টেলিভিশনে কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। বর্তমানে বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, একটি অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাচ দ্য স্টার’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ এবং দেশ টিভিতে ‘স্টার লাউঞ্জ’ অনুষ্ঠানগুলোর উপস্থাপনা করছেন তিনি। সম্প্রতি রাজধানীর রেডিসনে একটি করপোরেট অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং আগামী মঙ্গলবারও আরেকটি অনুষ্ঠানে তার উপস্থাপনা করার কথা রয়েছে। রুহানী জানান, আয়োজকদের কাছ থেকে মূলত ইংরেজিতে উপস্থাপনার জন্যই তিনি বেশি ডাক পাচ্ছেন, তবে পাশাপাশি বাংলাতেও নিয়মিত কাজ করছেন।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী রুহানী সালসাবিল পেশাগতভাবে একজন স্থপতি (আর্কিটেক্ট)। ব্যস্ত কর্মতালিকার মধ্যেও সময় বের করে তিনি নিজের অফিস ও পেশাগত দায়িত্ব সামলান। তবে ক্যারিয়ারের এত ব্যস্ততার মাঝেও রুহানীর জীবনে সবচেয়ে বড় অগ্রাধিকার তার পরিবার। একমাত্র সন্তান ‘শীর্ষ’ ও সংসারকে ঘিরেই এখন তার সমস্ত ব্যস্ততা ও সুন্দর আগামীর স্বপ্ন।