প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৮

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কর্মকর্তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করা, আত্মউন্নয়ন সাধন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক মনোভাব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, মানসিক প্রশান্তি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি কর্মকর্তাদের কর্মদক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক মানসিকতা কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহী করে তোলে এবং দক্ষতা বাড়ায়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী কর্মশালায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক টেকসই অগ্রগতির অন্যতম মূল চালিকা শক্তি হলো মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী মানবসম্পদ। তিনি আরও যোগ করেন, দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝেও নিজের মানসিক অবস্থার প্রতি সচেতন থাকা একজন কর্মকর্তাকে দায়িত্ব পালনে আরও কার্যকর ও আত্মবিশ্বাসী করে তোলে।

কর্মশালায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামানসহ প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব পদমর্যাদার নির্বাহীরা অংশগ্রহণ করেন।