প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম। দেশে এলপি গ্যাসের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, চলতি বছরের আগস্ট মাসে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে।

সম্প্রতি এলপিজি আমদানিকারক ও অপারেটরদের সাথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে অপারেটররা মন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই।

বাজারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু জায়গায় দাম বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুত করে জনঅসন্তোষ সৃষ্টি না করেন, সে বিষয়ে মন্ত্রী সবাইকে সতর্ক করেছেন। তিনি আরও বলেন, বিশ্ববাজারে পণ্যের দামের ক্ষেত্রে এক ধরনের জল্পনামূলক প্রবণতা কাজ করছে, যার প্রভাবেও স্থানীয় বাজারে দাম বাড়ার সম্ভাবনা থাকতে পারে। সরকার পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা বলেন, বিগত সময়ের তুলনায় সরকার নৈরাজ্যকর অবস্থা থেকে বেরিয়ে এসেছে এবং বর্তমানে সহিংসতা অনেকটাই কমে গেছে। এছাড়া সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে অপতথ্য প্রচারের হারও অনেক কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।