চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচদিনের ছুটি পেতে যাচ্ছেন। সরকারের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, পূজার দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির মধ্যবর্তী কর্মদিবসটিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও সরকার এদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এর পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিনের ছুটির সুযোগ পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির প্রস্তাবটি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা থেকে অনুমোদন মিললেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২২ অক্টোবরের অর্জিত ছুটির সমন্বয় হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী যেকোনো একটি শনিবার অফিস করতে হবে। এই শর্ত যুক্ত করেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে।