রাজধানীর মিরপুরের রাড্ডা এমসি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনা হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় দলীয় কার্যালয়ে ঢাকা-১১, ১২ ও ১৭ আসনের থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. রেজাউল করিম অভিযোগ করেন, এই হামলা ও ভাঙচুরের সঙ্গে সরকারদলীয় দুই মহিলা এমপির সংশ্লিষ্টতা রয়েছে। তাদের পরিচয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরও কেন আইনের আওতায় আনা হচ্ছে না, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণ প্রজন্ম যে নতুন দেশ চেয়েছিল, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। রাড্ডার ঘটনায় অপরাধীদের ছাড় দিলে জামায়াত বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ উল্লেখ করে তিনি গাজায় হাসপাতাল হামলার প্রসঙ্গ টানেন এবং প্রশ্ন রাখেন, বিএনপিও কি একই পথে হাঁটছে? রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মূলত অসহায় নারী ও শিশুরা চিকিৎসা সেবা নিতেন। এছাড়া প্রতিষ্ঠানটি বিদেশি অনুদানে পরিচালিত হওয়ায় সরকারের এ ধরনের কর্মকাণ্ডে বিদেশি সহযোগিতা কমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
গণভোট প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, নির্বাচনের আগে গণভোটের দাবি জানালেও বিএনপি তখন রাজি হয়নি। এখন জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটের কথা না বলে নতুন করে গণভোট আয়োজনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটের চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না। তিনি স্পষ্ট করেন, জামায়াতের লংমার্চগুলো সরকার পতনের জন্য নয়, বরং জনগণের রায় বাস্তবায়নের জন্য ছিল।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এলাকার ভোটার হওয়া সত্ত্বেও সেখানে তার নিরাপত্তা নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না করে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হচ্ছে। ড. রেজাউল করিম সরকারের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের দুর্ভোগের কার্যকর সমাধান দাবি করেন।
ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন গুলশান অঞ্চল পরিচালক ইয়াসিন আরাফাত, হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহসহ অন্যান্যরা।
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪১