দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জাতিসংঘে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মহাসচিবসহ শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকগুলো নিয়ে আলোচনা করেন।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রশংসা করে রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে অভিহিত করে বলেন, এতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং বৈশ্বিক ইস্যুগুলোতে দেশের অবস্থান স্পষ্টভাবে ফুটে উঠেছে। রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

বৈঠকে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সংহত করার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় উভয় কার্যালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।