মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় এই ভারী বর্ষণ হতে পারে। এ সময় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের চেয়েও বেশি অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে।
টানা ও অতি ভারী বৃষ্টির কারণে সংশ্লিষ্ট জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের জন্য ভূমিধসের শঙ্কা থাকায় বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।