ফুটবল মাঠে ট্যাকল, ফাউল কিংবা হাতাহাতির কারণে লাল কার্ড দেখা নিয়মিত ঘটনা হলেও কনকাকাফ নেশনস লিগের একটি ম্যাচে ঘটেছে একেবারেই অদ্ভূত এক ঘটনা। প্রতিপক্ষ ফুটবলারের অস্বাভাবিক লম্বা চুল ধরে টানার অপরাধে সরাসরি লাল কার্ড দেখেছেন অ্যান্টিগা ও বারবুডার দুই খেলোয়াড়।
ম্যাচের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অ্যাঙ্গুইলার ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডেন স্কিপিও। তার চুল এতটাই লম্বা যে তা গোড়ালি ছাপিয়ে নিচে নেমে আসে। এই লম্বা ড্রেডলকগুলো সামাল দিতে মাঠে নামার সময় তাকে কোমরের চারপাশে একটি ব্যান্ড পরতে হয়, যাতে চুলগুলো শরীরের সঙ্গে বেঁধে রাখা যায়।
ম্যাচের ৬৯ মিনিটে যখন অ্যাঙ্গুইলা ৫-০ গোলে পিছিয়ে, তখন বদলি হিসেবে মাঠে নামেন স্কিপিও। তার মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় প্রথম অদ্ভূত ঘটনাটি ঘটে। স্কিপিওর চুলে টান দেওয়ার অপরাধে অ্যান্টিগা ও বারবুডার কিওন গ্রিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ঘটনার এখানেই শেষ নয়। এরপর ম্যাচের যোগ করা সময়ে আবারও স্কিপিওর চুল ধরেন অ্যান্টিগা ও বারবুডার আরেক খেলোয়াড় শালন নাইট। এবার এত জোরে টান দেওয়া হয় যে স্কিপিও মাটিতে পড়ে যান। ফলে রেফারি নাইটকেও সরাসরি লাল কার্ড দেখান। শেষ পর্যন্ত ৯ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে হয় অ্যান্টিগা ও বারবুডাকে। যদিও স্কিপিওর চুল নিয়ে মাঠে এমন কাণ্ড ঘটলেও ম্যাচের মূল ফল অ্যাঙ্গুইলার পক্ষে আসেনি, তারা ৫-০ গোলের ব্যবধানেই হেরেছে।