রাশিয়ার আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় সোভিয়েত আমলের একটি তুপোলেভ টিইউ-৯৫ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ক্রাসনোইয়ারোভো শহরের কাছে জনবসতিহীন এলাকায় আছড়ে পড়ে। মাটিতে পড়ার পরপরই বিমানের জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ও অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। তবে এই ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বিমানটির একজন ক্রু সদস্য মাঝারি ধরনের আঘাত নিয়ে বেঁচে গেছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে জ্বলন্ত বিমান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেস-এর একটি কমিশন দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে। স্থানীয় কর্তৃপক্ষও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। তুপোলেভ টিইউ-৯৫ হলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি বিশাল আকৃতির বোমারু বিমান, যা ১৯৫২ সালে প্রথম আকাশে ওড়ে এবং ১৯৫৬ সালে আনুষ্ঠানিকভাবে পরিষেবায় যুক্ত হয়। বিমানটি এখনো রাশিয়ার সামরিক বাহিনী তাদের নিয়মিত মহড়ায় ব্যবহার করে থাকে।

রাশিয়ার রাজধানী থেকে দূরবর্তী অঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের জুলাই মাসে তিনদা শহরে যাওয়ার পথে খারাপ আবহাওয়ায় একটি আন্তোনভ এএন-২৪ বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জনের সবাই নিহত হয়েছিলেন। এছাড়া ২০২১ সালের আগস্টে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ১৬ আরোহী নিয়ে একটি মিল মি-৮ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাও ঘটেছিল, ওই আরোহীদের অধিকাংশই ছিলেন পর্যটক।