প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম। রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও প্রশাসনের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটপাত উচ্ছেদ কার্যক্রম চলাকালে সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়াও তারা একটি ভেকু (খননযন্ত্র) ভাঙচুর করেন এবং পুলিশের একটি গাড়িতেও আগুন দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে টিয়ারসেল নিক্ষেপ করেছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম সংঘর্ষ ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের ঘটনার পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং রাস্তায় লাঠি হাতে হকারদের অবস্থান করতে দেখা গেছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং যেকোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।