ক্লাব ফুটবলে দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা এখন মাঠের বাইরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখলেও, সেই ম্যাচেই উরুর পেশিতে চোট পান তিনি। বুধবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

স্ক্যান ও ইমেজিং টেস্টে রাফিনহার ডান উরুতে মৃদু মাত্রার মাসকুলার এডিমা বা মাংসপেশির ফোলাভাব ধরা পড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং দ্রুত সেরে ওঠার সুবিধার্থে তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সিবিএফ জানিয়েছে, ভারতের বিপক্ষে শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হতে যাওয়া প্রীতি ম্যাচের জন্য তার বদলি হিসেবে নতুন কাউকে দলে ডাকা হবে না।

চোট পাওয়ার পর রাফিনহা কাতালোনিয়ায় ফিরে গেছেন। সেখানে বার্সেলোনার তত্ত্বাবধানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন এবং আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরপরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।

চলতি মৌসুমে বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে থাকা রাফিনহার এই চোট বার্সেলোনা ক্লাবের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মৌসুমেও তিনি চার দফায় ডান উরুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। কাতালুনিয়া রেডিওকে তিনি বলেন, এই খবরটি তাদের ভীষণ চিন্তায় ফেলেছে এবং আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের চোটের ঝুঁকি নিয়ে তিনি অসন্তুষ্ট। বর্তমানে ক্লাবটি এমআরআই রিপোর্টের অপেক্ষায় আছে। আগামী ১০ই অক্টোবর লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার পরবর্তী মিশন শুরু হবে।

চলতি মৌসুমে বার্সা ও জাতীয় দলের জার্সিতে ১০ ম্যাচে ১৫ গোল করে ছন্দে আছেন রাফিনিয়া।